ঢাকা রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

Popular Bangla Online News Portal

প্রাথমিক স্বাস্থ্যসেবা’ নামে নতুন অধিদপ্তর, জানেন না স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্ক
৬:২৮ - সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবা’ নামে নতুন অধিদপ্তর, জানেন না স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক | এডুকেশন বাংলাদেশ

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর’ (Department of Primary Health Care—DPHC) গঠনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন অধিদপ্তর গঠনের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নতুন অধিদপ্তর গঠনের বিষয়টি আলোচনায় আসে।

সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দীন হায়দার পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠন করে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর’ গঠনের প্রস্তাব দেন।

সাত সদস্যের কমিটি গঠন

নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, জনবল ব্যবস্থাপনা, ক্যারিয়ার পরিকল্পনা ও কার্যপরিধি নির্ধারণে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. খোরশেদ আলমকে। সদস্য সচিব করা হয়েছে উপসচিব ইমতিয়াজ হোসেনকে।

কমিটিকে নতুন অধিদপ্তরের রূপরেখা ও জনবল কাঠামোসহ প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য ২০ কর্মদিবস সময় নির্ধারণ করা হয়েছিল।

এক লাখ স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টির প্রস্তাব

সভায় দেশের সব ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য রাজস্ব খাতে আরও এক লাখ স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টির প্রস্তাব উঠে আসে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নতুন কাঠামোর আওতায় একীভূত করার বিষয়টি আলোচনায় এসেছে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীরা যাতে আর্থিক ও প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা

প্রস্তাবিত পরিকল্পনায় দেশের প্রতিটি ইউনিয়নে সাড়ে তিনতলাবিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে।

এর মাধ্যমে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

নতুন অধিদপ্তর গঠনের বিষয়ে জানেন না স্বাস্থ্যমন্ত্রী

নতুন অধিদপ্তর গঠনের বিষয়ে জানতে চাইলে ৮ নভেম্বর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল  বলেন, ‘আমরা তো নতুন অধিদপ্তর করতে চাচ্ছি না। প্রাথমিক স্বাস্থ্যসেবার নিচে গ্রাম লেভেলে আমরা ওইটাকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নামে করব। নতুন অধিদপ্তর হচ্ছে না। সবাইকে একটা নামে নিয়ে আসব।’

গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কোনো অধিদপ্তর হবে না, আমি জানি না এই ব্যাপারে। উনাকে জিজ্ঞেস করবেন, আমি জানি না।’

অন্যদিকে, কমিটির সদস্য সচিব ইমতিয়াজ হোসেন  জানিয়েছেন, এ বিষয়ে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আরও অন্তত এক সপ্তাহ পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সব মিলিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সমন্বিত করার লক্ষ্যে নতুন অধিদপ্তর গঠনের প্রস্তাব ও কমিটির কার্যক্রম সামনে এসেছে। তবে অধিদপ্তর গঠন, জনবল নিয়োগ, বিদ্যমান কর্মীদের একীভূতকরণ এবং স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিষয়ে চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি।