প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর দায়িত্ব হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।
ঢাকা, ৪ নভেম্বর ২০২৬, ১২.৫৩
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
যেভাবে বিতর্কের সূত্রপাত
গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ হিসেবে উল্লেখ করেন। এমনকি এ মন্তব্যের কারণে তাঁকে কেউ প্রধানমন্ত্রীর তোষামোদকারী ভাবতে পারেন বলেও বক্তব্যে উল্লেখ করেন।
তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।
নতুন নির্বাহী পরিচালক নিয়োগ
মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তাঁকে দায়িত্ব থেকে সরানোর কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁর বিতর্কিত বক্তব্যের বিষয়টি সামনে এসেছে।
এডুকেশন বাংলাদেশ | জাতীয় সংবাদ